সাদিকা পারভীন পপি দীর্ঘদিন আড়ালে থাকার পর এবার নতুনভাবে চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছেন। নব্বইয়ের দশকের শেষ দিকে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার, আর দুই দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সর্বশেষ ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিং শেষ করার পর তিনি হঠাৎই অন্তরালে চলে যান। এ বছরের শুরুতে কিছুটা আলোচনায় এলেও পারিবারিক জটিলতার কারণে আবারও আড়ালে চলে যান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পপি জানান, তিনি চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার কেবল অভিনয়ে নয়, নতুন রূপে প্রযোজক হিসেবেই কাজ করতে চান। তার ভাষায়, অভিনয়ে ফিরব না, এটা নিশ্চিত। তবে পুরোনো কিছু কাজ শেষ করব। এরপর নিজের মতো করে ফিরব। আমি সিনেমা প্রযোজনা করব।
অভিনয়ের পাশাপাশি আগেও প্রযোজনায় যুক্ত ছিলেন পপি। মনোয়ার খোকনের পরিচালনায় একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। তবে এবার সেই অভিজ্ঞতা থেকেই আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন। এর আগে ‘কিডন্যাপ’ ও ‘জীবন মানেই যুদ্ধ’-এর মতো ছবিও প্রযোজনা করেছিলেন তিনি। তাই নতুন করে প্রযোজনা দিয়েই চলচ্চিত্রে পথচলা শুরু করার পরিকল্পনা নিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।
উল্লেখ্য পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয় শুরু করেন। তবে দর্শকের কাছে পরিচিতি পান মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে। ‘কুলি’ ছবির ব্যবসাসফলতা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।