বাংলাদেশি অভিনেতা ইন্তেখাব দিনার আবারও প্রমাণ করলেন তার অসাধারণ অভিনয়ক্ষমতা। যুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ অভিনয়ের জন্য তিনি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। একই চলচ্চিত্রে নির্মাণ দক্ষতার জন্য সেরা পরিচালক হয়েছেন এর নির্মাতা বিজন ইমতিয়াজ।
১৭ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে দিনার অভিনয় করেছেন নাম ভূমিকায় কাশেম চরিত্রে। গল্পে দেখা যায়, নিজের ভেতরে এক ভিন্ন সত্তা আবিষ্কার করে টানাপোড়েন ও আবেগের দ্বন্দ্বে পড়ে কাশেম। সেই জটিলতা দিনার অসাধারণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
সিনেমার দুটি পুরস্কার জয় নিয়ে উচ্ছ্বসিত বিজন ইমতিয়াজ বলেন, দিনার ভাই এমন একজন অভিনেতা, যিনি মুহূর্তেই চরিত্রের ভেতরে প্রবেশ করতে পারেন। এই অভিনয়ের জন্য প্রশংসা আর পুরস্কার দুটোই তার প্রাপ্য।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। এটি যৌথভাবে প্রযোজনা করেছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস।
উল্লেখ্য, এর আগে অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘আ থিং অ্যাবাউট কাশেম’ জিতেছিল গ্র্যান্ড প্রাইজ। ফলে এটি ইতোমধ্যেই অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে। জানা গেছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে চলচ্চিত্রটি অস্কারে সাবমিট করার সুযোগ পাবে বাংলাদেশ থেকে।