ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি এখন ব্যস্ত ফটোশুট ও নানা করপোরেট ইভেন্টে। সম্প্রতি তিনি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা শেয়ার করেন এই অভিনেত্রী।
আলাপচারিতার একপর্যায়ে হাসতে হাসতেই অপু বিশ্বাস বলেন, বিয়েতে সাধারণত মেয়েদের সংসার গোছানোর জন্য কিছু উপহার দেওয়া হয়—যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি। কিন্তু আমি মেয়ে হয়েও এসব পাইনি।
নিজের নতুন পেশাগত দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস আরও বলেন, এটাই আমার প্রথম কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া, যা আমার জন্য বেশ আনন্দের বিষয়। ফার্নিচার শুধু আসবাব নয়, এটি একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন—হয়তো কেউ কেউ আমার কাছ থেকেও ভালো ডিজাইন বা পরামর্শ চাইবেন।
উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবার বিয়ের অভিজ্ঞতা ঘিরে করা তার এই মন্তব্য আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।