জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা প্রায় দেড় দশক ধরে সিনেমায় অভিনয় করছেন। রূপ আর অভিনয় দক্ষতায় তিনি দর্শকের নজর কেড়েছেন। তবে দীর্ঘ পথচলার পরও নিজেকে এখনো শিক্ষানবিশ মনে করেন এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না। প্রতিনিয়ত ভুল করি, আরও ভালো করা উচিত। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়।
অভিনয়ের পাশাপাশি গানও খুব পছন্দ করেন তিনি। অবসরে সিনেমা দেখার চেয়ে গান শোনাকেই প্রাধান্য দেন। তবে নিজের কণ্ঠ নিয়ে সন্তুষ্ট নন। তার ভাষায়, রোমান্টিক গান, স্যাড সং, কাওয়ালি—সবই ভালো লাগে। কিন্তু গান গাইতে পারি না। আমার গলার সুর খুব খারাপ।
তিনি আরও বলেন, গান গাওয়ার প্রতিভা একেবারেই গড গিফটেড। আমাকে সেটা দেননি আল্লাহ। তবে অভিনয়ের কিছুটা দক্ষতা দিয়েছেন, সেটাই দিয়ে আমি মানুষের মন জয় করার চেষ্টা করছি।
২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন। সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খান, আমিন খান, কাজী মারুফ, আফরান নিশো, রোশানসহ ঢাকাই সিনেমার প্রথম সারির অনেক নায়ককে।
২০১৫ সালে মুক্তি পাওয়া শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় ছায়া চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা।
ছবি: সংগ্রহীত