দুর্গাপূজার আমেজে আসছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বান্ধব’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ বড়ুয়া জানান, একাধিকবার মুক্তির তারিখ ঠিক হলেও নানা কারণে পিছিয়ে যায় ছবিটির যাত্রা। তিনি বলেন, “পরিস্থিতি অনুকূলে না থাকায় বারবার মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। তবে এখনই সঠিক সময়। ভালো গল্পের সিনেমার সংকট আছে, তাই আর আটকে রাখতে চাই না।
নায়িকা মৌ খান সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। তার ভাষায়, এই ছবিতে নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম শুধু নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে চরিত্রে ডুবে কাজ করেছি। পুরো যাত্রাই আমার জন্য ছিল চ্যালেঞ্জিং। অবশেষে মুক্তি পাচ্ছে, দর্শকরা নিশ্চয়ই পছন্দ করবেন।
সুজন বড়ুয়ার পরিচালনায় নির্মিত ‘বান্ধব’ সিনেমার গল্পে উঠে এসেছে একটি জন্মপরিচয়হীন শিশুর জীবনসংগ্রাম, যাকে একদিন ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া যায়। চলচ্চিত্রে মৌ খানের পাশাপাশি অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত ও হাবিব খান।
এ ছবিতে রয়েছে পাঁচটি গান। এর মধ্যে চারটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন খ্যাতনামা সুরকার শেখ সাদী খান ও এম এ রহমান।
সব মিলিয়ে পূজার মৌসুমে দর্শকদের জন্য নতুন আবেগ আর মানবিক গল্প নিয়ে আসছে ‘বান্ধব’।