রহস্যময় ও শিহরণ জাগানো একটি সংলাপ দিয়ে শুরু হয়েছে আসন্ন ঈদের বিশেষ নাটক ‘সেই আমি নেই আমি’-এর অফিশিয়াল ট্রেইলার। ট্রেইলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।
নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ফয়সাল খান শুভ। আর এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের সুপরিচিত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সার খালেদ ফারহান।
থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, নাটকটির গল্প আবর্তিত হয়েছে আইডেন্টিটি ক্রাইসিস বা মানুষের নিজের ভেতরের সত্তা হারিয়ে ফেলার এক মানসিক টানাপোড়েনকে ঘিরে।
পরিচালক ফয়সাল খান শুভ বলেন, আমরা এমন একটি থ্রিলার নির্মাণের চেষ্টা করেছি, যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। গল্পের পাশাপাশি ভিজ্যুয়াল ও কালার গ্রেডিংয়েও সিনেমাটিক আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে।
আগামী ঈদ উপলক্ষে ২১ মার্চ নাটকটি প্রকাশিত হবে ইউটিউবের জলসা বাংলা চ্যানেলে। ট্রেইলার প্রকাশের পর এখন দর্শকের অপেক্ষা পুরো নাটকটি দেখার।