বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবং চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে জুটি করে নির্মিত হয়েছে ‘বউ জামাইয়ের লড়াই’। ছবিটি প্রযোজনা করেছেন সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার প্রতিষ্ঠান উজ্জ্বল ফিল্মস-এর ব্যানারে পরিচালনা করেছেন বাবুল রেজা।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ছবিটির জন্য অনাপত্তিপত্র দিয়েছে। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেমাটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয় এবং এ খাতে সংস্থার কোনো পাওনা না থাকায় অনাপত্তি দেওয়া হয়েছে। তবে অনাপত্তি পেলেও ছবিটি প্রদর্শনের ছাড়পত্র পায়নি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটি দেখার পর ছাড়পত্র দেয়নি। বোর্ডের সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বর্তমান সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে মানসম্মত সিনেমা প্রয়োজন। তার মতে, এই ধরনের সিনেমা এখন প্রদর্শনের উপযোগী নয় বলেই তা বাতিল করা হয়েছে। তবে প্রযোজক পুনরায় আবেদন করলে বিষয়টি আবার বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২০ নভেম্বর ছবিটির নির্মাণকাজ শুরু হয়। সে সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সাম্প্রতিক কাগজপত্রে প্রযোজকের স্থানে উজ্জ্বলের নাম দেখা যায়। হিরো আলম বর্তমানে কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
‘বউ জামাইয়ের লড়াই’ ছবিতে হিরো আলম ও মুনমুন ছাড়াও অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিনসহ আরও অনেকে।
প্রসঙ্গত, চলচ্চিত্র প্রযোজক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির অংশ হিসেবে এই সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন উজ্জ্বল। দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও সম্প্রতি তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নানা বাধাবিপত্তি ও আইনি জটিলতায় সমিতিটি দীর্ঘদিন ধরেই কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে।