• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ফিল্ম ক্লাবের নির্বাচনে চমক,জয়ী হলেন নায়িকা পলি

এম.আর.জে শান্ত
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

এক সময় ঢাকাই চলচ্চিত্রের পর্দা দাপিয়ে বেড়ানো চিত্রনায়িকা পলি আবারও আলোচনার কেন্দ্রে—তবে এবার রুপালি পর্দা নয়, সংগঠনের দায়িত্ব নিয়ে। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাম্প্রতিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার পরিষদের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পলি পেয়েছেন ২৪০ ভোট। একই পরিষদ থেকে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদারসহ মোট সাতজন প্রার্থী জয়ী হন। অন্যদিকে লায়ন নজরুল ইসলাম–অপূর্ব রায় পরিষদ থেকে অপূর্ব রায়সহ চারজন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়েন অপূর্ব রায়।
খুলনার মেয়ে পলির চলচ্চিত্রে পথচলা শুরু হয় ২০০১ সালে। প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার বিপরীতে ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। মোহাম্মদ হোসেন পরিচালিত ছবিটি মুক্তির পর দর্শকের নজর কাড়ে এবং দ্রুতই ব্যস্ত হয়ে ওঠেন পলি। এরপর টানা ১১৩টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত করেন।
মান্না, রুবেল, অমিত হাসান থেকে শুরু করে শাকিব খান—সময়টির প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন পলি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও পর্দার আবেদন তাকে দর্শকপ্রিয় করে তোলে।
দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা আয়োজনে তাকে নিয়মিত দেখা গেছে। এবার সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গণে তার সক্রিয় উপস্থিতি নতুন করে আশার সঞ্চার করেছে ভক্ত ও সহকর্মীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো