ঢাকার বাইরে একটি শুটিং লোকেশনে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’–এর শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। পরিকল্পনা অনুযায়ী একটি আগুনের দৃশ্য ধারণের সময় নিয়ন্ত্রিত শিখা হঠাৎই নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই তাঁর পায়ে আগুন ধরে যায়।
ইউনিট সূত্রে জানা গেছে, দৃশ্যটির জন্য শুভর শরীরের নিচের অংশে সীমিত আগুন ব্যবহার করার কথা ছিল। কিন্তু ক্যামেরা রোল হওয়ার পরই আগুন অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ে। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দৌড়ে এসে আগুন নিভিয়ে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যান। আগুন নিভে গেলেও তাঁর পায়ে দগ্ধ চিহ্ন দেখা যায়, যা দেখে পুরো ইউনিটই শুটিং বন্ধ করার পরামর্শ দেয়।
তবে নিজের কাজকে অগ্রাধিকার দিয়ে দৃঢ় মনোবল দেখান শুভ। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ব্যথা নিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ইউনিটের সদস্যরা জানান, পায়ের ব্যথা সত্ত্বেও শুভ নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন, যাতে সময়মতো সিনেমার কাজ শেষ করা যায়।
ঈদুল ফিতরকে লক্ষ্য করে মুক্তির প্রস্তুতি চলছে ‘মালিক’–এর। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।