বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে সংসার—অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একসময় ছিল রূপকথার মতো। টালিপাড়ার এই দুই শিল্পীর ১২ বছরের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হয় প্রেমে, এরপর ২০২২ সালে পাহাড়ের কোলে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হয় তাদের স্বপ্নময় বিয়ে। কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্নের ছবিতেই দেখা দিয়েছে চিড়। টালিপাড়ায় এখন জোর গুঞ্জন—সমাপ্তির পথে অঙ্কিতা-প্রান্তিকের দাম্পত্য জীবন।
এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে সরাসরি মুখ খুলেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমাদের বন্ধুত্ব ১২ বছরের। তারপর প্রেম, তারপর বিয়ে। তবে এখন মনে হচ্ছে, সম্পর্কটা বর-বউয়ের আকারে না রাখাই হয়তো ভালো হবে। বিষয়টি নিয়ে ভাবছি। আমরা হয়তো আর দাম্পত্য সম্পর্কে থাকব না, তবে বন্ধুত্বের সম্পর্ক থাকবে—কারণ আমাদের বন্ধুমহল একই।
প্রান্তিকের জীবনে নতুন কেউ এসেছে কি না—এ প্রশ্নের জবাবে অভিনেতা স্পষ্টভাবে জানান, “মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার পর দেড়-দুই বছর আমি পুরোপুরি পরিবার নিয়েই ব্যস্ত। এর মধ্যে অন্য কোনো প্রেম আসেনি। অঙ্কিতা আর আমার শহর আলাদা হওয়াটাই হয়তো আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছে। তাই দু’জনেরই মনে হয়েছে, বন্ধুত্বটুকু রাখা ভালো।
অঙ্কিতা চক্রবর্তী ভারতীয় বাংলা টেলিভিশন এবং ওয়েব প্ল্যাটফর্মের এক পরিচিত মুখ। বাংলা সিনেমা থেকে শুরু করে হিন্দি ধারাবাহিকেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে প্রান্তিকও টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি একটি ধারাবাহিকে অভিনয়ের কথা থাকলেও তিনি সে কাজ থেকে সরে দাঁড়িয়েছেন। সামনে নতুন কাজ এবং পরিচালনায় আগ্রহের কথাও জানিয়েছেন।
দুজনেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত সম্পর্কের এই নতুন সিদ্ধান্তকে তারা বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন। বন্ধুত্ব ধরে রেখে আলাদা পথে হাঁটার প্রস্তুতিতে রয়েছেন অঙ্কিতা ও প্রান্তিক এমনটাই বলছে শিল্পী মহল।