রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাওয়া সত্ত্বেও হঠাৎই বিতর্কের কেন্দ্রে এসেছে ছবিটি। শহীদ মেজর মোহিত শর্মার পরিবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছে, সিনেমার মুক্তি আপাতত স্থগিত রাখা হোক।
পরিবারের দাবি—ছবিটির নির্মাতারা মেজর মোহিত শর্মার জীবন ও তাঁর গোপন সামরিক মিশন থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, অথচ পরিবারের কোনো অনুমতি নেননি। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে জোর গুজব চলছিল যে ‘ধুরন্ধর’ আসলে মেজর শর্মার বাস্তব জীবনের ওপরই ভিত্তি করে তৈরি। এরপরই পরিবার আনুষ্ঠানিকভাবে আদালতে আবেদন জানায়।
আবেদনে বলা হয়েছে, শহীদের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হচ্ছে, যা ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে সুরক্ষিত। পাশাপাশি পরিবারের গোপনীয়তা, সম্মান এবং মানসিক নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে। তাদের সবচেয়ে গুরুতর অভিযোগ—যদি ছবিতে মেজর শর্মার নেতৃত্বে পরিচালিত কোনো গোপন অভিযান তুলে ধরা হয়ে থাকে, তবে তা দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে পরিচালক আদিত্য ধর অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘ধুরন্ধর’ কোনোভাবেই মেজর শর্মার জীবনীভিত্তিক সিনেমা নয়। ভবিষ্যতে যদি তাঁর ওপর বায়োপিক নির্মাণ করা হয়, তবে পরিবারের অনুমতি নিয়ে শ্রদ্ধার সঙ্গে তা করা হবে।’
রণবীর সিং ছাড়াও সিনেমায় আছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খন্না, অর্জুন রামপাল ও সারা অর্জুন। আগামী ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তির কথা থাকলেও আদালতের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে—ছবিটি সময়মতো প্রেক্ষাগৃহে পৌঁছাতে পারবে কি না।