ঢালিউডের এক সময়ের ব্যস্ততম নায়িকা পলি দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে। ১২ বছর পর তার ফেরা হলো পরিচালক সাদেক সিদ্দিকীর নতুন চলচ্চিত্র ‘দেনা পাওনা’–র বিশেষ একটি আইটেম গানের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের এই সিনেমাতে পলির উপস্থিতি যেন হঠাৎই ফিরিয়ে আনল আগের দিনের সেই গ্ল্যামার ও কৌতূহল।
শুটিং হয়েছে এফডিসির ৮ নম্বর ফ্লোরে। বড় সেট, রঙিন আলো আর নৃত্যের যত রোমাঞ্চ—সব মিলিয়ে জমজমাট পরিবেশে গানটির দৃশ্য ধারণ করেন কোরিওগ্রাফার ইউসুফ খান। সংগীত পরিচালনায় আছেন কিংবদন্তি শেখ সাদী খান। আইটেম গানে পলির সঙ্গে ছিলেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু—যিনি দর্শকের কাছে বড়দা মিঠু নামে পরিচিত।
দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি জানাতে গিয়ে পলি বললেন,এই গানটাই আমার তৃতীয় অধ্যায়ের শুরু। অনেক দিন অফার পেয়েছি, কিন্তু সময় মিলছিল না। সংসার, সন্তান আর ব্যবসার দায়িত্ব ছিল। এখন মনে হলো, বছরে অন্তত দু–একটা ভালো কাজ করা যেতে পারে। তাই আবার ফিরলাম।
তার নিজের ভাষায়— পলি মানেই সারপ্রাইজ। এই গানটাও দর্শকদের জন্য নতুন এক সারপ্রাইজ।
২০০৩ সালে ‘ফায়ার’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পলি। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গেই পর্দা শেয়ার করেছেন তিনি—মান্না থেকে শাকিব খান, রুবেল থেকে অমিত হাসান—সবাইই তার সহশিল্পী ছিলেন। তার শেষ সিনেমা ‘এক নম্বর আসামী’ মুক্তি পায় ২০১২ সালে।
এখন গুলশানে পরিবার নিয়ে থাকেন পলি। চার সন্তানের মা হওয়ার পাশাপাশি তিনি নিজের একটি বুটিক ব্যবসা পরিচালনা করছেন। তবে শিল্পের প্রতি টান তাকে আবারও ফিরিয়ে এনেছে সিনেমার দুনিয়ায়।
‘দেনা পাওনা’–র মাধ্যমে পলির এই প্রত্যাবর্তন ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্মাতা থেকে দর্শক—সবাই অপেক্ষায় আছেন, অনেক দিন পর বড় পর্দায় পলির সেই পরিচিত আবেদন কীভাবে ফিরে আসে।