বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি তারকা—এমনটাই জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।
৮৯ বছর বয়সে প্রয়াত এই অভিনেতাকে বলা হতো বলিউডের ‘হি-ম্যান’। তার মৃত্যুতে ছয় দশকের উজ্জ্বল এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো ভারতের চলচ্চিত্রে।
ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ প্রকাশের পরপরই তার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। প্রবেশপথে এম্বুলেন্স ঢুকতে দেখা গেছে, আর বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড বসানো হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি তার মেয়ে এশা দেওল এবং আরও বহু তারকার গাড়ি ঢুকতে দেখা গেছে অভিনেতার বাসায়।
চলতি মাসের শুরুতেই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখনই তাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল পরিবার। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন তিনি।
আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছিল বিশেষ আয়োজনের প্রস্তুতি। তার স্ত্রী হেমা মালিনী নাকি জমকালো উদ্যাপনের পরিকল্পনাও শুরু করেছিলেন। কিন্তু সব প্রস্তুতিকে ছাপিয়ে গেল কিংবদন্তিকে হারানোর শোক।
ভারতীয় সিনেমায় অপরিসীম অবদান রেখে যাওয়া এই অভিনেতার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।