মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। নির্ধারিত দিনে, অর্থাৎ ১৪ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ফেডারেশনজনিত জটিলতার কারণে শেষ মুহূর্তে তা আটকে যায়। এতে করে ছবিটি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়।
এমন সময় ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে হাজির হয়ে নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন পায়েল। প্রোমোতে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক প্রযোজক তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। পায়েলের কথায়, ইন্ডাস্ট্রির এক ব্যক্তি তাঁর কাছে বিশেষ সুবিধা দাবি করেন। উপস্থাপক জানতে চাইলে—এটা কি যৌন সুবিধা?—পায়েল সোজাসাপ্টা বলেন, “হ্যাঁ।”
প্রস্তাবে রাজি না হওয়ায় সেই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অপমানজনক পোস্ট করতে শুরু করেন। পায়েল জানান, তাঁর ছবিতে ক্রস চিহ্ন দিয়ে নানান কটূ মন্তব্য লেখা হতো। এই পরিস্থিতি তাকে মানসিকভাবে আঘাত করলেও তিনি হাল ছাড়েননি। পরবর্তীতে ‘প্রেম আমার’ এবং ‘লে ছক্কা’র মতো সফল ছবির মাধ্যমে তিনি আবারও জোরালোভাবে কাজের জায়গায় ফিরে আসেন।
টলিউডে দেব–পায়েল জুটি ছিল দর্শকদের জনপ্রিয় পছন্দ। ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’ ও ‘প্রেম আমার’—এসব ব্লকবাস্টার কাজ এখনো তাঁদের জুটির সাফল্যের স্মারক।
নারীদের ‘না’ বলার অধিকারকে সমাজ এখনো পুরোপুরি স্বীকৃতি দিতে পারে না—এমন মন্তব্যও করেন পায়েল। তাঁর মতে, একজন নারী কোনো প্রস্তাবে ‘না’ বললে অনেকেই সেটাকে অহংকারে আঘাত হিসেবে নেয়। এই মানসিকতা ইন্ডাস্ট্রি হোক বা সাধারণ সমাজ—সবখানেই বিদ্যমান, বলে মন্তব্য করেন তিনি।