মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং দারুণ পারফরম্যান্সে তিনি প্রতিযোগিতার শুরু থেকেই আন্তর্জাতিক নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর ভিড়েও পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে এসে তিনি আলোচনার শীর্ষে অবস্থান করছেন—যা বাংলাদেশে তৈরি করেছে ব্যাপক উত্তেজনা।
এই টানা ভোট প্রতিযোগিতার মধ্যেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠান মিথিলা। সেখানে তিনি অনুরোধ করেন, যেন কেউ ভোট দেওয়া বন্ধ না করেন। তার ভাষায়—বাংলাদেশ এখনো শক্তভাবে লড়াইয়ে আছে, আর তিনি মঞ্চে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন প্রয়োজন একটাই ‘মিরাকল’—অর্থাৎ দেশের মানুষের ভোট।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি আবারও সকলের কাছে ভোটের আহ্বান জানান। মিথিলা বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই যেন নিয়মিত ভোট দিয়ে যান—এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছে, কারণ পেজেন্টে শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে। বাংলাদেশ সেই অর্থে পাওয়ারহাউজ না হলেও আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ ও দেশপ্রেম—এ দুটিই তাকে এগিয়ে নিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে বাংলাদেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তার পাশে দাঁড়িয়ে দেশবাসীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।