দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে অবশেষে সম্পর্কের ইতি টানছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ ঐশ্বরিয়া শর্মা ও ‘বিগ বস’ তারকা নীল ভাট। ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি চার বছর পর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই আলাদা বসবাস করছিলেন নীল ও ঐশ্বরিয়া। সেই সময় থেকেই তাদের দাম্পত্যে ফাটলের গুঞ্জন ছড়ায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো—সম্প্রতি আদালতে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন এই দুই তারকা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে তাদের ডিভোর্স প্রক্রিয়া।
এর আগে গত জুন মাসেও বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং নিজের শান্তি রক্ষার জন্যই নীরব ছিলাম। কিন্তু কেউ কেউ যেভাবে এমন সব কথা লিখে যাচ্ছেন, যা আমি কখনো বলিনি—তা সত্যিই হতাশাজনক।
তিনি আরও বলেন, আপনারা এমন গল্প তৈরি করেন, যা আমি কখনো সমর্থন করিনি। কোনো যাচাই বা জিজ্ঞাসা ছাড়াই প্রচারের জন্য আমার নাম ব্যবহার করা খুবই দুঃখজনক।
উল্লেখ্য, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’–এর সেটে প্রথম পরিচয় হয় নীল ও ঐশ্বরিয়ার। সেখান থেকেই তাদের প্রেমের শুরু এবং ২০২১ সালে পরিণতি ঘটে বিয়েতে। তবে চার বছরের মাথায় সেই ভালোবাসার গল্প থেমে যাচ্ছে বিচ্ছেদের করুণ পরিণতিতে।