১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার বহুল আলোচিত সিনেমা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।
অভিনব কাহিনি আর সাহসী উপস্থাপনার জন্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে সিনেমাটি। অবিশ্বাস্য হলেও সত্যি—৫টি বা ১০টি নয়, ৫৪টি দৃশ্য পরিবর্তনের পরও ছবিটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। সাম্প্রতিক সময়ে এতগুলো দৃশ্য সংশোধনের পরেও এমন সনদ পাওয়া কোনো টলিউড ছবির ক্ষেত্রে নজিরবিহীন।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয় ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানে পায়েল সরকার বলেন, এটা এক অসাধারণ কনসেপ্ট। এ ধরনের পাল্প থ্রিলার বাংলায় আমরা আগে দেখিনি। তাই সিনেমাটির অংশ হতে পেরে সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তিনি ট্রেলার দেখে প্রশংসা করে বলেন, ছবিটি টলিউডে এক নতুন ধারা আনবে বলে আশা করছেন।
ছবিটি নির্মাণ করেছেন জয়ব্রত দাশ। ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় চার বছর ধরে তিনি ছবিটি তৈরি করেছেন। একাধিকবার আর্থিক সংকটে বন্ধ হয়ে গিয়েছিল শুটিং, কিন্তু নতুন করে ফান্ড জোগাড় করে আবারও শুরু হয় নির্মাণকাজ।
সিনেমাটিতে পায়েল সরকারের সঙ্গে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জন রায় চৌধুরী ও রানা বসু ঠাকুর প্রমুখ।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিরল ও অমূল্য অ্যান্টিক মদের বোতল। সেটিকে ঘিরেই শুরু হয় প্রতারণা, পরকীয়া, চুরি-ডাকাতি ও বিশ্বাসঘাতকতার রোমাঞ্চকর দৌড়।
নির্মাতার দাবি, ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ এক নিখাদ পাল্প অ্যাকশন থ্রিলার, যেখানে প্রতিশোধ ও প্রলোভনের খেলায় দর্শক নিশ্বাস নেবার ফুরসত পাবেন না। টলিপাড়ায় গুঞ্জন, বাংলা ছবিতে এমন ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ দৃশ্যের সংযোজন আগে খুব একটা দেখা যায়নি। ফলে সিনেমাপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন এক অন্যরকম অভিজ্ঞতার জন্য।
পরিচালক জয়ব্রত দাশ জানিয়েছেন, ছবিটি নির্মাণের প্রেরণা এসেছে হলিউড নির্মাতা কুইন্টিন ট্যারান্টিনো’র কাজ থেকে। তবে এতে শুধু থ্রিলার নয়, আছে কমেডির সূক্ষ্ম মিশেল—যা বাংলা দর্শকের জন্য হবে একদম নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।