হলিউডের জনপ্রিয় তারকা ও ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত অভিনেতা ক্রিস ইভান্স বাবা হয়েছেন। স্ত্রী আলবা ব্যাপটিস্টার কোলে এসেছে তাদের প্রথম সন্তান।
হলিউডভিত্তিক গণমাধ্যম টিএমজেড জানায়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে আলমা গ্রেস। তবে এখন পর্যন্ত এই সুখবরটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্রিস বা আলবা।
আশ্চর্যের বিষয়, পুরো গর্ভধারণকালেই খবরটি গোপন রেখেছিলেন এই দম্পতি। ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয় কয়েক মাস আগে, যখন ফাদার্স ডে উপলক্ষে এক ফ্যান পেজ ক্রিসকে শুভেচ্ছা জানায়। এরপর আলবার বাবার মন্তব্য “ধন্যবাদ প্রিয় ক্রিস, এবার তোমার পালা” ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।
ক্রিস ও আলবা ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেপ কডে একান্ত পারিবারিক আয়োজনে বিয়ে করেন। দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়ের নয় মাস আগে তারা ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
অভিনয়ে ব্যস্ত ক্রিস ইভান্সকে সম্প্রতি দেখা গেছে ‘ম্যাটেরিয়ালিস্টস’ নামের একটি রোমান্টিক কমেডি ছবিতে, যেখানে তার সহশিল্পী ছিলেন ডাকোটা জনসন ও পেদ্রো পাসকাল। পাশাপাশি গুঞ্জন রয়েছে, তিনি শিগগিরই মার্ভেল ইউনিভার্সে ফিরে আসছেন নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর মাধ্যমে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।