ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান সম্প্রতি শেয়ার করলেন এক চমকপ্রদ তথ্য—বাংলা সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নামের পেছনের গল্প। দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, শাকিবের নামটি তিনিই প্রথম শুনেছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহানের কাছ থেকে, এবং সেই নামের সঙ্গে জড়িয়ে আছে এক মজার ঘটনা।
সাকিল খান বলেন, “আমার মতো শাকিব খানকেও সোহান ভাই সিনেমায় এনেছিলেন। তখন আমার সঙ্গে সোহান ভাইয়ের কিছু মনোমালিন্য হচ্ছিল। রাগ করে তিনি ‘মাসুদ রানা’ নাম পরিবর্তন করে শাকিবের নাম রাখেন ‘শাকিব খান’। পরে আমাকে ফোন করে বললেন, ‘তোর নাম মাসুদকে দিয়ে দিছি।
তিনি আরও যোগ করেন, “তবে নাম দিয়েই কেউ বড় হয় না—শাকিব নিজের মেধা, যোগ্যতা, প্রতিভা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে এসেছে। সেই নামের মর্যাদা সে রেখেছে কাজের মাধ্যমে। আমি আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্যের শিখরে পৌঁছাবে।
নব্বইয়ের দশকে শাকিল খান ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক পরিচিত মুখ। ‘প্রেম সংঘাত’, ‘আনন্দ অশ্রু’, ‘তুমি আমার স্বপ্ন’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সময়ের সঙ্গে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও চলচ্চিত্রজগৎ থেকে পুরোপুরি হারিয়ে যাননি।
অন্যদিকে, নাম পরিবর্তনের সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় শাকিব খানের তারকাখ্যাতির যাত্রা। বর্তমানে তিনি ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সফল ও প্রভাবশালী নায়ক। দুই দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শাকিব খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা সিনেমার ‘মেগাস্টার’ হিসেবে।
শাকিল খানের এই স্মৃতিচারণ এখন নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। অনেকেই মনে করছেন—একজন সিনিয়র অভিনেতার এমন প্রশংসা ও স্নেহের বক্তব্য শাকিব খানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসারই প্রকাশ।