জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি প্রতারণার শিকার হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন নুসরাত ফারিয়া। সতর্কবার্তায় তিনি লেখেন, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ফারিয়া আরও জানান, ভক্তদের কেউ যেন এমন প্রতারণার শিকার না হন। তিনি অনুরোধ করেন, ভুয়া প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।
বলিউড ও ঢালিউড তারকাদের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করে প্রতারণা করা এখন নিত্যদিনের ঘটনা। নুসরাত ফারিয়াও এবার সেই বিড়ম্বনার শিকার।
তিনি পোস্টে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন কেউ তার নামে তৈরি ভুয়া অ্যাকাউন্টের ফাঁদে না পড়েন।
এর আগেও অনুরূপ ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও বরেণ্য অভিনেতা আলমগীর। প্রভার ক্ষেত্রে তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন, আর আলমগীরের পক্ষ থেকে তার মেয়ে আঁখি আলমগীর সতর্কবার্তা দিয়েছিলেন।
নুসরাত ফারিয়ার সতর্কতা স্মরণ করিয়ে দেয়— তারকাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা রুখতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।