গেল কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘নীলচক্র’। দেশীয় দর্শকদের সাড়া পাওয়ার পর এবার ছবিটি যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বায়োস্কপ ফিল্মসের ব্যানারে আগামী ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
মিঠু খানের পরিচালনায় এবং নাজিম উদ দৌলার চিত্রনাট্যে নির্মিত এই থ্রিলার সিনেমায় আধুনিক প্রযুক্তি নির্ভর নানা ফাঁদের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর তার বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।
দেশে মুক্তির আগে, গত বছরের শেষ দিকে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারই প্রথম বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।