দেশের রাজনীতি ও দুর্নীতির অন্ধকার দিককে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজনৈতিক থ্রিলার ‘দাবাঘর’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়া এই ওয়েব সিনেমায় দর্শক পাবেন এক নারীর শ্বাসরুদ্ধকর সত্য অনুসন্ধানের গল্প।
কাহিনির কেন্দ্রে রামিসা রহমান—এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে। হঠাৎ করেই তাঁর হাতে চলে আসে একটি পেনড্রাইভ, যাতে গোপনে রাখা আছে বিপুল পরিমাণ অর্থপাচারের প্রমাণ। এই গোপন তথ্য প্রকাশ করলে নড়ে উঠতে পারে ক্ষমতার শীর্ষে থাকা এক বিশাল সিন্ডিকেট। কিন্তু পেনড্রাইভ হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক ঝুঁকিপূর্ণ দাবা খেলায়। প্রতিটি চালেই তাকে ঘিরে ধরে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর মৃত্যুর ছায়া।
পরিচালক সৈয়দ সাহিল বলেন, দুর্নীতির এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক নয়। বাস্তবে নিজেকেও মানিলন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, আমাদের চারপাশেই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে। সেই অভিজ্ঞতাই গল্পে জায়গা করে নিয়েছে।
সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় তৈরি ‘দাবাঘর’-এ অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব, মাসুদ আল আজাদসহ একদল দক্ষ অভিনেতা। ছবিতে ফরাসি শিল্পীরাও যুক্ত হয়েছেন, যা এর আন্তর্জাতিক রূপকে আরও সমৃদ্ধ করেছে।
রাজনৈতিক থ্রিলারের আঙ্গিকে গড়ে ওঠা এই ওয়েব সিনেমা দর্শকদের সামনে একদিকে যেমন দারুণ বিনোদনের রোমাঞ্চ হাজির করছে, তেমনি অন্যদিকে সমাজের অন্ধকার দিকের এক বাস্তব প্রতিচ্ছবিও তুলে ধরছে।