• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য : প্রয়াত শিল্পীদের স্মরণে শিল্পী সমিতির আয়োজন

বিনোদন প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রয়াত শিল্পীদের স্মরণসভা ‘আয়নায় কিংবদন্তির দৃশ্য’। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে আয়োজন করা হয় এ স্মরণসভার।

এদিন প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন ও পুরনো প্রজন্মের অসংখ্য শিল্পী। অনেক দিন পর তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।
আয়োজনে অংশ নিয়ে অসংখ্য জনপ্রিয় সিনেমার অভিনেতা আহমেদ শরীফ বলেন, শিল্পী সমিতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আমরা সবসময় চাই এফডিসিতে আসতে, কিন্তু এর আগে এমন আয়োজন হয়নি। এবারই প্রথম প্রয়াত শিল্পীদের পরিবারকে নিয়ে আয়োজন করা হলো। বর্তমান শিল্পী সমিতিকে ধন্যবাদ।

একই অনুভূতি প্রকাশ করেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, অনেক দিন পর শিল্পী সমিতির আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে। অনেক সহকর্মীর সঙ্গে অনেক দিন পর দেখা হলো। সত্যিই ভালো একটি সময় কেটেছে।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি বলেন, আলহামদুলিল্লাহ, প্রয়াত শিল্পীদের পরিবার এবং গুণী শিল্পীরা সাড়া দিয়ে আয়োজনে অংশ নিয়েছেন। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। অনেক সিনিয়র শিল্পী উপস্থিত ছিলেন। সবাই আয়োজনে খুশি, তাই আমাদের উদ্যোগ সফল।

চিত্রনায়ক সনি রহমান বলেন, আমরা চেষ্টা করেছি সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার। সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে, তাই আমরা আনন্দিত।
আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যোকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, নানা শাহ,  রোমানা ইসলাম মুক্তি, সনি রহমান এবং অভিনেতা শিবা শানু।

 

ছবি: সংগ্রহীত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো