প্রায় সাড়ে সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে গত মাসে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিরেই ব্যস্ত হয়েছেন শুটিংয়ে। তবে আগের মতো বছরজুড়ে একটানা কাজ করতে চান না তিনি। এখন থেকে মাঝেমধ্যে বিরতি নিয়ে নিজের জন্য সময় রাখতে চান।
দেশে ফেরার পর অপূর্ব ইতিমধ্যেই শেষ করেছেন ‘তোমাকে চাই’ নাটকের কাজ। বর্তমানে তিনি ব্যস্ত জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘মায়া পাখি’ নিয়ে, যেখানে তার বিপরীতে আছেন নতুন প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহা। এই জুটি আগেও ‘মন দুয়ারি’ ও ‘মেঘবালিকা’ নাটকে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তাই ‘মায়া পাখি’ নিয়েও দর্শকের বাড়তি আগ্রহ থাকবে বলে আশা করছেন অপূর্ব।
অপূর্ব বলেন, “যখন দর্শক কোনো কাজকে ভালোবাসেন, তখন আমাদের চিন্তা বেড়ে যায়—পরের কাজ দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে পারব কি না। তবে আমার জন্য দর্শকদের একটা মায়া কাজ করে, যেটা আমি অনুভব করতে পারি। আমি ভাগ্যবান যে তাদের এত ভালোবাসা পেয়েছি।
‘মায়া পাখি’ শেষে অপূর্ব প্রস্তুতি নেবেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’–এর সিক্যুয়েলের জন্য। এবারও এটি পরিচালনা করবেন শিহাব শাহীন। অভিনেতা জানিয়েছেন, বর্তমানে চিত্রনাট্য ঘষামাজা চলছে, সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং। এছাড়া টালিউডের সিনেমা ‘চালচিত্র’–এর প্রিক্যুয়েল নিয়েও কথা চলছে। প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ দিয়েই গত বছর টালিউডে অভিষেক হয় অপূর্বর।
ব্যক্তিজীবনে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, যেখানে তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা থাকেন। সে সময়টা তিনি নিয়েছেন নিজের জন্য, ব্যস্ততা থেকে মুক্তি পেতে। অপূর্ব জানান, “বয়স বাড়ছে, আগে যেভাবে দৌড়ঝাঁপ করে কাজ করতাম, এখন তা সম্ভব নয়। ব্যাক পেইনের সমস্যাও আছে। তাই এখন বুঝেশুনে কাজ করতে হয়।
খবর: আজকের পত্রিকা