২০২৫ সাল জয়া আহসান ভক্তদের জন্য বিশেষ একটি বছর হয়ে উঠেছে। একের পর এক কাজ দিয়ে দুই বাংলার দর্শককে চমকে দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বছরের শুরুটা হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’ দিয়ে (২৮ মার্চ)। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। সবশেষ ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’।
সেই রেশ না কাটতেই আবারও আসছেন বড় পর্দায়। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জয়ার দুটি নতুন কাজ। দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘ফেরেশতে’, আর ওটিটিতে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া নিজেই।
উল্লেখ্য, ২০২২ সালে নির্মাণ শেষ হওয়ার পর ‘ফেরেশতে’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। গত বছর এটি অংশ নেয় ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য অর্জন করে ইরানের জাতীয় পুরস্কার। একই বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। এবার অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।